দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে মেঘনা নদীতে জেগে ওঠা একটি চর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। তবে স্থানীয় কৃষকদের বাধার মুখে শেষ পর্যন্ত তারা ফিরে যান বলে অভিযোগ করা হয়েছে।
রোববার সকালে মজুচৌধুরীর হাট থেকে দুটি ট্রলারে দলবল নিয়ে মেঘনা নদীর চরে যান চররমনী মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদের, ইউনিয়ন বিএনপির সদস্য মো. রিপন ও মো. মিলন। কৃষকদের দাবি, দিনভর চেষ্টা চালিয়েও তারা চরটির নিয়ন্ত্রণ নিতে পারেননি।
স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদীতে জেগে ওঠা বিভিন্ন চর আগাছা পরিষ্কার করে চাষাবাদের উপযোগী করেন স্থানীয় কৃষকেরা। এসব জমিতে ধান, সয়াবিন ও বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। কৃষকদের অভিযোগ, চরগুলো দখলকে কেন্দ্র করে মাঝেমধ্যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও ভোলা জেলার ভূমিদস্যুদের সঙ্গে বিরোধের ঘটনা ঘটে।
চরের কৃষকদের অভিযোগ, সম্প্রতি আবাদের উপযোগী করা একটি চর নিজেদের নিয়ন্ত্রণে নিতে চান বিএনপি নেতা আবদুল কাদের, রিপন ও মিলন। রোববার সকালে অর্ধশতাধিক লোক নিয়ে তারা নদীপথে সেখানে যান বলে দাবি কৃষকদের। তবে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকায় কৃষকদের বাধার মুখে তারা চরে ভিড়তে পারেননি।
দুপুরের দিকে খবর পেয়ে নৌপুলিশ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
কৃষকদের আরও অভিযোগ, বিএনপি নেতারা চরের জমি ব্যবহারের জন্য তাঁদের কাছ থেকে প্রতি একরে ২০ হাজার টাকা করে দাবি করেছেন। এতে অপারগতা প্রকাশ করায় কৃষকদের উচ্ছেদ করে চরটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তাঁদের দাবি। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কৃষকেরা।
তবে চর দখলের অভিযোগ অস্বীকার করেছেন চররমনী মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদের। তিনি বলেন, ‘আমাদের কিছু নেতা-কর্মী চরে পিকনিক করতে গেছেন। চর দখলের মতো কিছু নেই। আর ওইসব চর এখনও আওয়ামী লীগ-যুবলীগের দখলে রয়েছে। সেখানে সাধারণ কোনো কৃষক নেই। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
এমএম/